ভালো রসুন চিনবেন কীভাবে? রসুনের গুণমান যাচাইয়ের সহজ উপায়।

আমাদের ভারতীয় রান্নাঘরে রসুন মানেই শুধু একটা উপকরণ নয়, অনেকটা স্বাদের প্রাণ। আমাদের ডাল-তরকারি থেকে শুরু করে মাংসের ঝোল—রসুন ছাড়া যেন অনেক রান্নাই ঠিক জমে না। বিশেষ করে আদা-রসুন বাটা দিলে খাবারের গন্ধ আর স্বাদ একেবারে অন্য মাত্রা পায়। তাই বাজারে রসুন কিনতে গেলে আমরা বেশিরভাগ সময় বড়, চকচকে আর একেবারে ধবধবে সাদা রসুনের দিকেই বেশি আকৃষ্ট হই। কিন্তু জানেন কি, এই অতিরিক্ত সাদা আর ঝকঝকে রসুন সব সময় ভালো নাও হতে পারে?

ভালো ও খারাপ রসুন চেনার এবং রসুনের গুণমান যাচাই করার সহজ উপায়

আমরা জানি অনেক সময় রসুনকে বেশি আকর্ষণীয় দেখানোর জন্য রাসায়নিক দিয়ে পরিষ্কার বা প্রক্রিয়াজাত করা হয়। বাইরে থেকে দেখতে সুন্দর লাগলেও, এমন রসুন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই শুধু রঙ দেখে রসুন কেনা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। একটু খেয়াল করলেই খুব সহজে আসল ও নিরাপদ রসুন চিনে নেওয়া সম্ভব।

রঙ দেখেই রশুন চেনার উপায়।

প্রাকৃতিক রসুন সাধারণত একটু অফ-হোয়াইট বা হালকা ঘোলাটে সাদা রঙের হয়। যদি কোনও রসুন অস্বাভাবিকভাবে ধবধবে সাদা ও চকচকে দেখায়, তাহলে একটু সাবধান হওয়াই ভালো। অনেক ক্ষেত্রে এই বাড়তি সাদাভাব রাসায়নিক ব্যবহারের ইঙ্গিত দেয়।

খোসা হাতে নিয়েই বুঝবেন কী করে ?

আসল রসুনের খোসা খুব মসৃণ হয় না। একটু খসখসে বা আঁশযুক্ত ভাব থাকে। কিন্তু যদি দেখেন খোসা অস্বাভাবিকভাবে মসৃণ ও পালিশ করা মতো চকচক করছে, তাহলে সেটি কৃত্রিমভাবে পরিষ্কার করা হয়ে থাকতে পারে।

গন্ধই শুঁকে রশুন চেনার উপায়।

রসুনের সবচেয়ে বড় পরিচয় তার ঝাঁঝালো গন্ধ। ভালো ও তাজা রসুনের গন্ধ বেশ তীব্র হয়। যদি রসুনে সেই স্বাভাবিক গন্ধ না থাকে বা খুব হালকা লাগে, তাহলে সেটি পুরনো বা নিম্নমানের হওয়ার সম্ভাবনা থাকে।

 কোয়া শক্ত বা নরম দেখে রশুন চেনার উপায়।

রসুন কেনার সময় একবার কোয়াগুলো হাত দিয়ে টিপে দেখুন। যদি নরম লাগে বা চুপসে যায়, তাহলে বুঝবেন রসুন পুরনো হয়ে গেছে। ভালো রসুনের কোয়া সব সময় শক্ত ও নিরেট হয়।

বাড়িতেই সহজে পরীক্ষা করে রশুন চিনুন।

একটা খুব সহজ উপায় আছে রসুন যাচাই করার। কয়েকটি কোয়া জলের মধ্যে ফেলে দিন। যদি সেগুলো ভেসে ওঠে, তাহলে তাতে রাসায়নিক থাকার সম্ভাবনা থাকতে পারে। সাধারণত ভালো ও প্রাকৃতিক রসুন জলের তলায় ডুবে যায়।

ভারতীয় আর চীনা রসুনের পার্থক্য

এখন বাজারে চীনা রসুনও প্রচুর দেখা যায়। এগুলো সাধারণত আকারে বড় এবং অনেক বেশি সাদা হয়। অন্যদিকে ভারতীয় রসুন একটু ছোট, রঙে তুলনামূলক কম উজ্জ্বল হলেও এর ঝাঁঝ ও গন্ধ অনেক বেশি। রান্নায় স্বাদও বেশি ভালো লাগে। তাই শুধু আকার দেখে নয়, গন্ধ ও স্বাদ বুঝেও রসুন বেছে নেওয়া উচিত।

আমরা অল্প একটু সচেতন থাকলেই ভেজাল বা রাসায়নিক মেশানো রসুন এড়িয়ে চলা সম্ভব। কারণ খাবারের স্বাদের সঙ্গে পরিবারের সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ। তাই রশুন বাজার থেকে কেনার আগে উপরের বিষয় গুলো ভালোভাবে যাচাই করে কিনুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×
↑