CM-এর নাম ঘোষণা আজই, কিন্তু রাইটার্স এখনও প্রস্তুত নয়! তাহলে কোথা থেকে চলবে বাংলার নতুন সরকার?

 রাইটার্স বিল্ডিং: বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে শনিবার। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় শপথ নেবেন রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একাধিক শীর্ষ নেতার।

CM-এর নাম ঘোষণা আজই, কিন্তু রাইটার্স এখনও প্রস্তুত নয়!

তবে শপথের আগেই রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে—নতুন মুখ্যমন্ত্রী কোথা থেকে চালাবেন প্রশাসন?

বিজেপির তরফে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, তারা ফের বাংলার প্রশাসনিক হৃদয়স্থল রাইটার্স কেই সক্রিয় করতে চায়। একসময় এই ঐতিহাসিক ভবন থেকেই পরিচালিত হত গোটা রাজ্যের শাসনকার্য। কিন্তু ২০১৩ সালে মমতা ব্যানার্জির সচিবালয় সরিয়ে নিয়ে যান নবান্নে।

নতুন সরকার ক্ষমতায় এসেই সেই পুরনো প্রশাসনিক ঐতিহ্য ফিরিয়ে আনার বার্তা দিতে চাইছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। শপথের পর নতুন মুখ্যমন্ত্রীর সরাসরি রাইটার্সে বিল্ডিং যাওয়ার পরিকল্পনাও রয়েছে। সেখানে কিছু সময় প্রতীকীভাবে দফতরে বসবেন তিনি।

কিন্তু বাস্তব পরিস্থিতি এখনও অনেকটাই ভিন্ন। পূর্ত দফতর সূত্রে খবর, রাইটার্স বিল্ডিংয়ের সংস্কারের কাজ এখনও মাত্র ২৫ শতাংশ শেষ হয়েছে। নিরাপত্তা ও পরিকাঠামোগত একাধিক সমস্যা থাকায় এখনই পুরো সচিবালয় সেখানে স্থানান্তর করা সম্ভব নয়। পুরো কাজ শেষ হতে আরও অন্তত ৬ থেকে ৮ মাস সময় লাগতে পারে।

ফলে আপাতত মুখ্যমন্ত্রীর অস্থায়ী কার্যালয় হিসেবে ভাবা হচ্ছে বিধানসভার অ্যানেক্স ভবনকে। সেখানেই হতে পারে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকও।

এদিকে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ৮ মে সন্ধ্যাতেই আনুষ্ঠানিকভাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তাঁর কথায়, রাইটার্সে পুরোপুরি ফেরা হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নতুন মুখ্যমন্ত্রীই।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রবীন্দ্রজয়ন্তীর আবহে সরকার গঠনের সিদ্ধান্তও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিজেপি এই বার্তার মাধ্যমে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রশাসনিক ইতিহাসের সঙ্গে নিজেদের সংযোগ তুলে ধরতে চাইছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
×
↑